কিয়েভে রুশ হামলা, মৃতের সংখ্যা বাড়ছে

0
27
ছবি সৌজন্যে : এক্স

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে পৌঁছেছে বলা হচ্ছে, উদ্ধার অভিযান চলতে থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, হামলায় এখন পর্যন্ত ১০ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। সোমবার ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন কিয়েভে আঘাত হানে। হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি আবাসিক ভবনের অংশ ধসে পড়ে।কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ করছেন। শহরের ঐতিহাসিক পোদিলস্কি জেলায় একটি বহুতল আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেখান থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তকাচেঙ্কোর মতে, শুধু পোদিলস্কি জেলাতেই চারটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো শহরে অন্তত ২৪ জন আহত হয়েছেন। ক্লিচকো আরো জানিয়েছেন, আংশিক ধসে পড়া একটি ভবন থেকে ১৫ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন মহিলা ও ছ’জন শিশু রয়েছেন। এদিকে কিয়েভের উত্তর-পশ্চিমে বুচা জেলায় আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।