রাতভর টানা বৃষ্টি কলকাতায়, জলমগ্ন একাধিক রাস্তাঘাট 

0
23
ছবি সৌজন্যে : নিজস্ব

বৃহস্পতিবার রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, শুক্রবার সকালেও তা থামেনি। ঝিরঝির বৃষ্টি হয়েই চলেছে কলকাতা এবং শহরতলি জুড়ে।

মাঝেমধ্যে বৃষ্টির দাপট বাড়ছে। ইতিমধ্যে রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক রাস্তাঘাট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, খুব শীঘ্র এই পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই। আরও অন্তত চার দিন কলকাতায় এমন বৃষ্টি চলবে। দক্ষিণের ছয় জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত কলকাতায় বৃষ্টি চলতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে শহরে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত বর্ষণ চলবে বুধবার পর্যন্ত। তবে দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম।