
আমেরিকার মধ্যস্ততায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান থামেনি। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিমান হামলা, গুলিবর্ষণ, ড্রোন হামলা এবং ঘরবাড়ি ধ্বংসের ঘটনা ঘটেছে।
লেবাননের বিভিন্ন সূত্র জানিয়েছে, রাতভর দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান চালায়। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দক্ষিণ লেবাননের টাইর জেলার মানসুরি শহরের কাছে একটি ইসরায়েলি ড্রোন একটি স্টান গ্রেনেড নিক্ষেপ করে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
টাইর জেলার বায়্যাদা এলাকা থেকে বিউত আল-সাইয়াদের দিকে ইসরায়েলি সেনারা ভারী মেশিনগান দিয়ে গুলিবর্ষণ করে। এতে ওই এলাকায় উত্তেজনা আরো বেড়ে যায়। লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, মারজায়ুন জেলার খিয়াম এলাকার বিরকাত আল-হাম্মামের দিকে ইসরায়েলি ট্যাংক ও সামরিক যান অগ্রসর হয়। একই সময়ে খিয়াম শহরের আশপাশে ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা অব্যাহত ছিল।এদিকে মারজায়ুন জেলার কানতারা এলাকায় ইসরায়েলি সেনারা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
