
ভারত ও নিউজিল্যান্ডের সম্পর্ক নতুন উচ্চতায়। দুই দেশ তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সদ্য স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র হাত ধরে ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
নিউজিল্যান্ড সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকের পর দুই দেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রোডম্যাপ-২০৩০ গ্রহণ করে, যার লক্ষ্য বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, শিক্ষা এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করা।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি দুই দেশের ব্যবসা-বাণিজ্যে নতুন সুযোগ তৈরি করবে। তাঁর আশা, ২০৩০ সালের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানের তুলনায় দ্বিগুণ হবে। একই সঙ্গে তিনি নিউজিল্যান্ডের শিল্পপতিদের ভারতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
