
পশ্চিম এশিয়ায় যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করার জের পড়ছে দেশে টাকার দামে। মঙ্গলবার ডলারের সাপেক্ষে আরও নেমেছে ভারতীয় মুদ্রাটির দাম। প্রতি ডলার ৬২ পয়সা বেড়ে পৌঁছে গিয়েছে ৯৬.৩০ টাকা।
বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ব্যারেলে ফের ৮০ ডলার ছাড়িয়েছে। যা চিন্তা বাড়াচ্ছে আমদানি খরচ নিয়ে। এরই জের মূলত পড়ছে টাকার দামে। এ দিন শেয়ার বাজারও মাথা নামিয়েছে। সেনসেক্স ৫৬১.৪৬ পয়েন্ট পড়ে থেমেছে ৭৭ হাজার ০৫৪.৯৪ অঙ্কে। নিফটি ফিফটি ১৫৮.৯৫ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ২৪ হাজার ০৫২.০৫ অঙ্কে।
অনেক সেক্টরই রেড ডোনে রয়েছে। তবে সবচেয়ে বেশি পতন হয়েছে নিফটি অটোতে। এই সূচক ১.২২ শতাংশ নেমেছে। এছাড়া নিফটি রিয়েলটি ১.০৬ শতাংশ, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস ১.০২ শতাংশ, পিএসইউ ব্যাঙ্ক ০.৭৭ শতাংশ ও প্রাইভেট ব্যাঙ্ক ০.৭০ শতাংশ নেমে গিয়েছে। তবে এই খারাপ বাজারেও কিছু সেক্টর উপরে উঠেছে। যেমন- নিফটি মেটাল ১.০১ শতাংশ, ফার্মা ০.৭৯ শতাংশ, হেলথকেয়ার ০.৭২ শতাংশ, এফএমসিজি ০.৩৩ শতাংশ ও আইটি ০.১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে ।
