অসমে ২৪ ঘন্টায় বন্যায় মৃত ১০ 

0
19
ছবি সৌজন্যে : নিজস্ব
অসমে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে বন্যা পরিস্থিতি। টানা প্রবল বৃষ্টির জেরে রাজ্যের অন্তত ১১টি জেলা জলমগ্ন। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ১০ জন। ১০ জনের মধ্যে শিবসাগর ও জোরহাট জেলায় ছয় জন, চারাইদেও জেলায় দু’জন এবং কারবি আংলং ও ধেমাজি জেলায় একজন করে মৃত্যুর খবর মিলেছে।
চলতি বছরে অসমে বন্যার কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২। একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় বহু মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। বর্তমানে মোট ১১টি জেলার প্রায় ৬ লক্ষ ৫৩ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। রাজ্যের ৪০টি রাজস্ব এলাকার অন্তর্গত ৯৩৯টি গ্রাম এখনও জলমগ্ন। বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র-সহ একাধিক নদীর জলস্তর দ্রুত বাড়ছে। ডিসাং নদীর জল নাংলামুড়াঘাটে সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি, বুড়িডিহিং, দিখৌ, ধনশিরি এবং কুশিয়ারা নদীর জলও বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা পরিস্থিতির জেরে ৩ লক্ষ ১৩ হাজারের বেশি মানুষ প্রশাসনের তৈরি ৪৮৭টি ত্রাণশিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
এছাড়া প্রায় ১ লক্ষ ৩৯ হাজার গবাদি পশুও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার ও ত্রাণকাজে সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), দমকল, পুলিশ, বায়ুসেনা এবং স্বেচ্ছাসেবীরা যৌথভাবে কাজ করছে। বুধবার একদিনেই ৮,৪০৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যার জেরে অন্তত ৫৩টি রাস্তা এবং ৬টি বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।