ফ্রান্সে ভয়াবহ দাবানল,স্পেনে জরুরি অবস্থা 

0
46
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

স্পেনের মাদ্রিদ অঞ্চল ও রাজধানীর পাশের আভিলা প্রদেশে ভয়াবহ দাবানলের কারণে বৃহস্পতিবার গভীর রাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে সরকার জরুরি ব্যবস্থা নিয়েছে। 

দ্রুত উদ্ধার ও আগুন নেভানোর কাজ চালাতে সামরিক জরুরি ইউনিট মোতায়েন করা হয়েছে। দাবানলের কারণে মাদ্রিদ অঞ্চলে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মাদ্রিদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের আলদেয়া দে ফ্রেসনো শহরের তিন হাজার ৫০০ বাসিন্দাকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।আভিলা প্রদেশে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বুরগোহোন্দো, এল তিয়েমব্লো ও নাভালুয়েঙ্গা এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে। সবচেয়ে বড় দাবানলটি গুয়াদালাহারা প্রদেশে, যা রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে। বলা হচ্ছে,এ আগুনে প্রায় ৩২ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দাবানল নিয়ন্ত্রণে সরকার সব ধরনের সম্পদ ব্যবহার করছে। এদিকে,ফ্রান্সে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির গিরন্দ অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৭০০ দমকলকর্মী কাজ করছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আর্কাশোঁ উপসাগরের আশপাশে ইতিমধ্যে প্রায় ৩ হাজার ৪০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ঝুঁকি বাড়তে থাকায় আরো ৮ হাজার ৮০০ মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে যাদের সরিয়ে নেওয়া হয়েছে, তাদের বড় অংশই ছিলেন লেজ-ক্যাপ-ফেরে উপদ্বীপের বিভিন্ন ক্যাম্পসাইটে থাকা পর্যটক। গিরন্দ অঞ্চলের প্রশাসনিক প্রধান সোফি ব্রোকা জানান, সরিয়ে নেওয়া মানুষের মধ্যে প্রায় ১০ হাজার ছিলেন পর্যটক।