
বারুইপুরে বিজেপির যুবনেতাকে খুনের অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত্যু ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবক বছর ২২-র নাম রাজীব বিশ্বাস। তিনি বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১২৯ নম্বর বুথের বিজেপি সভাপতি ছিলেন। বিজেপির তরফে দাবি করা হয়েছে, বিজেপির কর্মসূচিতে যোগ দেওয়ার অপরাধে ওই রাতে রাজীবকে ঘরে ঢুকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাঁর মাথায় প্রচণ্ডভাবে আঘাত করা হয়, ধারাল অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কোপ মারা হয়। এরপর তাঁকে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায় অভিযুক্তেরা। ৯ অগাস্ট সকালে রাজীবের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বারুইপুর থানার পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা মল্লিক বলেছেন, এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই।
