যুবককে খুনের পর টুকরো করে খালে, গ্রেফতার বিএলও সহ ২

0
118
ছবি সৌজন্যে : নিজস্ব

যুবককে এসআইআর-র নথি চেয়ে ফোন করে ডেকে খুনের পর দেহ টুকরো করে খালে ফেলার অভিযোগে বিএলও এবং তার সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার হাড়হিম করা ঘটনায় শোরগোল পড়েছে।

জানা গিয়েছে সোমবার থেকে নিখোঁজ ছিলেন নাসির আলি। পুলিশের দাবি নাসির আলির স্ত্রীর সঙ্গে অভিযুক্ত বিএলও-র বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই কারণেই নাসিরকে খুন করা হয়েছে। পরিবারের দাবি সোমবার এইআরও-র নাম করে এসআইআর-র নথি চেয়ে ফোন করেন বিএলও রিজওয়ান হাসান মণ্ডল। সেই মত নথি হাতে বেরিয়ে যান নাসির আলি। এরপর থেকে তাঁর আর খোঁজ মিলছিল না। এরপর তদন্তে নেমে গ্রেফতার করা হয় বাদুড়িয়ার ২২ নম্বর বুথের বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ও তাঁর সঙ্গী সাগর গায়েনকে। জিজ্ঞাসাবাদে নাসির আলিকে খুনের কথা স্বীকার করেছেন রিজওয়ান। এরপর শুক্রবার রাতেই রিজওয়ান ও সাগরকে নিয়ে বাদুড়িয়ার ৩টি আলাদা আলাদা খাল থেকে প্যাকেটবন্দি দেহ উদ্ধার করে পুলিশ।

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা। ইতিমধ্যে দুই অভিযুক্তকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বারুইপুর আদালত।