
সপ্তাহের শেষে যে পারদ পতন হতে পারে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতোই শুক্রবার রাতে কলকাতা শহরের পারদ নেমেছে বেশ কিছুটা।
আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে তাপমাত্রা। শুধু রাতের তাপমাত্রাতেই নয়, পারা পতন হয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রাতেও। এ বছর দেশে শীতকাল যে দীর্ঘমেয়াদি হওয়ার সম্ভাবনা রয়েছে, সে কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রায় বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা ভেদে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পতন হতে পারে। আগামী সোমবার রাতের মধ্যে কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে নামতে পারে। পশ্চিমের জেলা গুলিতেও তাপমাত্রা বেশ কিছুটা কম হয়েছে। গত চার দিনে পুরুলিয়া জেলায় তাপমাত্রা কমেছে প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের বাকি জেলাগুলিতেও আগামী সপ্তাহে তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রির নীচে। উত্তরবঙ্গেও ইতিমধ্যেই তাপমাত্রা বেশ কিছুটা কম হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘমুক্ত আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরের পার্বত্য জেলা গুলিতে রবিবারের মধ্যে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে।




