শুনানিতে যাওয়ার পথে মৃত বাবা-দুই সন্তান, জখম মা

0
242
ছবি সৌজন্যে : নিজস্ব

এসআইআর শুনানিকেন্দ্রে যাওয়ার পথে স্বামী এবং দুই সন্তানকে হারালেন মহিলা। হাওড়ার উলুবেড়িয়ায় মর্মান্তিক পরিণতি হয়েছে এক পরিবারের।

জানা গিয়েছে সামিনা বেগমের বাপের বাড়ি এলাকায় শুনানি ছিল। সেখানে হাজিরা দিতে স্বামী শেখ সিরাজের বাইকে করে দুই সন্তান বছর ৭-র শেখ হিরাজ এবং ৪ বছরের সঞ্জনা খাতুন নিয়ে যাচ্ছিলেন সামিনা বেগম। সামিনার বাড়ি সাঁকরাইলের বানিপুরে। সেখানে যাওয়ার পথে উলুবেড়িয়া চেকপোস্টের কাছে তাদের বাইকের সামনে এসে পড়ে একটি গাড়ি। গাড়িটিকে পাস কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান সিরাজ। বাইক নিয়ে ধাক্কা মারেন ট্রাকের পিছনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

জখম অবস্থায় রাস্তায় পড়েছিলেন সামিনা। স্থানীয়দের সহায়তায় পুলিশ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সামিনার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে।