
জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়ে যাবে। আস্বস্ত করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
সোমবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে আসা বিভিন্ন চাকরিপ্রার্থী সংগঠনের প্রতিনিধিরা শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলে তিনি জানিয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় পূর্বতন সরকারের কোনও দায় নেই বর্তমান সরকারের। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাই এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তাই নেবেন। সেক্ষেত্রে এই বছর জানুয়ারিতে হওয়া নিয়োগ পরীক্ষার ভবিষৎ কি হবে? তা নিয়েও কোনও মন্তব্যে রাজি হননি শমীক ভট্টাচার্য। তিনি আরও বলেছেন, ম্যালফাংশান হয়েছে, দুর্নীতি হয়েছে, যোগ্য মানুষের মেধা প্রতারিত হয়েছে, চাকরি বিক্রি হয়েছে। তবে, তিনি সরকার নন। তিনি তো নির্দেশ দিতে পারেন না। কিন্তু তিনি সরকারকে বলবেন।
এই সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর ভরসা রাখার কথা জানিয়েছেন তিনি।






