
ছত্তীসগঢ়ের সুকমায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক মাওবাদীর। বুসকি নুপ্পন নামে ওই মহিলার বিরুদ্ধে ন’টি পৃথক মামলা রয়েছে। তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।
দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ। বৃহস্পতিবার সুকমার পাহাড়ি জঙ্গলে নিরাপত্তাবাহিনীর মাওবাদী দমন অভিযানে মৃত্যু হয় মাওবাদী সংগঠনের ওই সক্রিয় সদস্যের। সুকমার পাহাড়ি জঙ্গলের মধ্যে মাওবাদীদের গতিবিধি দেখা গিয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সুকমার গুফড়ি এবং পেরামপারা এলাকা মাওবাদীরা লুকিয়ে রয়েছে বলে খবর যায় পুলিশের কাছে। সুকমার পুলিশ সুপার কিরণ চৌহান জানান, ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান শুরু হয়। জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ের সময়ে এক মহিলার দেহ উদ্ধার হয়।
পরে তাঁর দেহ শনাক্ত করা হয়। ছত্তীসগঢ়ের সুকমা এবং দান্তেওয়াড়া জেলা মিলিয়ে মোট ৯টি মামলায় তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ।








