
উত্তরপ্রদেশের আগ্রার কাছে বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।তবে পাইলট নিজেকে ইজেক্ট করে বিমান থেকে ছিটকে বের করায় প্রাণে বেঁচে গিয়েছেন।
মাঠে ভেঙে পড়ে আগুন ধরে যায় যুদ্ধবিমানে। সূত্রের খবর, মহড়া দিতে পাঞ্জাবের আদমপুর থেকে উড়ে বিমানটি আগ্রার দিকে যাচ্ছিল।মাঝ পথে হঠাৎ দুর্ঘটনা।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। বায়ুসেনার অফিসাররাও আগ্রা থেকে ঘটনাস্থলে পৌঁছেছেন।সোশ্যাল মিডিয়ায় ঘটনাস্থলের বেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেগুলিতে দেখা গিয়েছে, মাঠের মধ্যে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে রয়েছে। সেটিতে আগুন ধরে গিয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। জ্বলন্ত ফাইটার জেটটির কাছে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।ঠিক কী কারণে যুদ্ধবিমানটি ভেঙে পড়ল, সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এই ঘটনায় কোর্ট অব ইনকোয়ারির বা সামরিক আদালতের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা আধিকারিকরা।এর আগে, ২ সেপ্টেম্বর রাজস্থানের বারমেরে আরেকটি মিগ-২৯ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল।
ছবি সৌজন্যে : এক্স






