
ভারী বষ্টির জেরে ফের বন্যা কবলিত বাণিজ্যনগরী মুম্বই। লাগাতার ভারী বর্ষণে অচল হয়ে পড়েছে জনজীবন। জলের তলায় চলে গিয়েছে বহু রাস্তা।
মুম্বই-সহ মহারাষ্ট্রের সমুদ্রসৈকতগুলিতে পর্যটকে যেতে দেওয়া হচ্ছে না। স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে না বেরানোর পরামর্শ দিয়েছে প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না এখনই। আগামী ২৪ ঘণ্টাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। প্রশাসনের তরফে সব রকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। প্রস্তুত রয়েছে উদ্ধারকারী দলগুলিও। এদিকে, প্রবল বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে মুম্বইয়ে মাঝ রাস্তায় থমকে গিয়েছে মনোরেল। প্রায় ঘন্টাখানেক ধরে বন্দিদশায় চরম আতঙ্কে প্রহর গুণতে হয়েছে যাত্রীদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা।
বিশেষ ক্রেনের সাহায্যেই শতাধিক যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
