
রবিবার ষষ্ঠী, সোমবার সপ্তমী এবং মঙ্গলবার অষ্টমীতে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শনিবার গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর ফলে উত্তাল থাকলে সমুদ্র।
বইবে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সেপ্টেম্বর মাসের বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শুক্রবার চতুর্থীর দিনে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শনিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। কলকাতাতে কয়েক পশলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বুধবার বদলে যেতে পারে আবহাওয়া, ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। নবমী এবং দশমীতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমাঞ্চল এবং উপকূলের জেলাগুলিতে।
অন্যদিকে, শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শুক্রে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং থেকে মালদহ, সমস্ত জেলাতেই। শনিবার পঞ্চমীতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই।
