
ছবির জন্য নতুন অ্যাপ এনেছে ইনস্টাগ্রাম। যার মাধ্যমে ইউজাররা কোনো এডিটিং বা ফিল্টার ছাড়াই দ্রুত ছবি তুলে শেয়ার করতে পারবেন এবং দেখার পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।ইনস্ট্যান্টস নামের নতুন এ ফিচারের মাধ্যমে ক্ষণস্থায়ী বা সাময়িক ছবি শেয়ার করার বিষয়টি আবারও নিয়ে আসছে ইনস্টাগ্রাম, যা অ্যাপের পাশাপাশি প্লাটফর্মটিতে আলাদা একটি অ্যাপ হিসেবেও পাওয়া যাবে।
এ ফিচারের মূল উদ্দেশ্য, কোনো রকম সাজগোজ বা কৃত্রিমতা ছাড়াই তাৎক্ষণিকভাবে ছবি তুলে শেয়ার করা, ঠিক যেমনটা শুরুর দিনগুলোতে ইনস্টাগ্রাম ছিল, বিষয়টি তেমনই।ইউজারের বন্ধুরা একবার এসব ছবি দেখে ফেললে তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। তবে তারা চাইলে ছবিতে রিঅ্যাক্ট বা রিপ্লাইও দিতে পারবেন। ইউজারের শেয়ার করা বিভিন্ন ছবি এক বছর পর্যন্ত আর্কাইভে জমা থাকবে এবং পরে চাইলে অনেকগুলো ছবি একসঙ্গে মিলিয়ে রিক্যাপ হিসেবে স্টোরিতে শেয়ার করতে পারবেন। মূল অ্যাপের ডাইরেক্ট মেসেজ বা ডিএম ইনবক্সের নিচের ডান কোণায় থাকা ফটো স্ট্যাক আইকনে ট্যাপ করে ফিচারটি ব্যবহার করা যাবে।কোম্পানিটি এক ব্লগ পোস্টে বলেছে, ইউজাররা যাতে আরও দ্রুত ও সহজে ক্যামেরা ব্যবহার করতে পারেন, সেই চাহিদা থেকেই তারা ফিচারটি নিয়ে কাজ করছেন।
তাদের এ বক্তব্য থেকে আসলে এমনটিই স্পষ্ট হয় যে, মূল ইনস্টাগ্রাম অ্যাপটি এখন অতিরিক্ত ফিচারে ঠাসা ও বেশ জটিল হয়ে পড়েছে।এদিকে ইনস্ট্যান্টস ফিচার ও অ্যাপটিতে ইনস্টাগ্রামের সাধারণ সব নিরাপত্তা ও প্রাইভেসি ব্যবহৃত হয়েছে, যার মধ্যে অন্য ইউজারদের ব্লক বা মিউট করার সুবিধাও থাকছে।






