
হিমালয়ের দেশ হিসেবে পরিচিত নেপালের দীর্ঘদিনের প্রথাগত রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন কাঠমান্ডুর মেয়র ও প্রাক্তন জনপ্রিয় র্যাপার বালেন্দ্র শাহ।
বালেন নামে পরিচিত ৩৫ বছর বয়সী এই নেতা প্রাক্তন টেলিভিশন সঞ্চালক রবি লামিছানের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে যোগ দিয়েছেন।আগামী ৫ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে গঠিত জোট থেকে বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে,গত সেপ্টেম্বরে দেশজুড়ে তরুণদের নেতৃত্বে সংঘটিত জেন-জি আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর নেপালের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে, এই নতুন রাজনৈতিক সমীকরণ তা আরও স্পষ্ট করেছে।
দলীয় সমঝোতা অনুযায়ী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নির্বাচনে জয়ী হলে বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হবেন এবং ৪৮ বছর বয়সী রবি লামিছানে দলের শীর্ষ নেতৃত্বে থাকবেন। সেপ্টেম্বরের গণআন্দোলনে উত্থাপিত দুর্নীতিবিরোধী ও সংস্কারমূলক দাবিগুলো বাস্তবায়নের অঙ্গীকার করেছেন এই দুই নেতা। উল্লেখ্য ওই আন্দোলনে ৭৭ জন নিহত হন এবং এর পরিপ্রেক্ষিতে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়।







