
ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার নদিয়ার তাহেরপুর থানা অন্তর্গত এলাকায় শ্যামল সাহা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, বাংলায় এসআইআর হওয়ার ঘোষণার পর থেকেই মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। বিভিন্ন সময়ে আত্মহত্যা করার কথা বলতেন ওই বৃদ্ধ। যদিও তিনি ভুগছিলেন শ্বাসকষ্টজনিত রোগে। এসআইআর – এর জেরে মানসিক অবসাদে মৃত্যু হয়েছে শ্যামল সাহার, দাবি মৃতের পরিবারের। জানা গিয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু হওয়ার কারণে নির্যাতনের শিকার হয়ে বছর ৩০ আগে ভারতে চলে আসেন শ্যামল সাহা ও তাঁর পরিবার। কিন্তু সম্প্রতি এসআইআর কার্যকর হওয়ার পর আবারও সেই পুরনো আতঙ্ক ফিরে আসে মনে।
দিন দিন মানসিক অবসাদ বেড়ে চলেছিল তাঁর।২০০২ সালে ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ছিলেন শ্যামল সাহা, দাবি তাঁর পরিবারের।
