
কয়েক ঘণ্টার ব্যবধানে মালদায় ফের শ্যুটআউট। বাড়ি ফেরার সময় এক পাঁপড় বিক্রেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, মৃত পাঁপড় বিক্রেতা আজহার আলি। মালদার কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় তাঁকে গুলি করে খুন করা হয়। আজহার আলির বাড়ি কালিয়াচক থানার ফতেখানিতে। মঙ্গলবার রাতে একটি মেলায় পাঁপড় বিক্রি করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর পথ আটকে গুলি চালায়। মাথায় গুলি লাগে বছর পঞ্চান্নর ওই পাপড় বিক্রেতার।
পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি আজহার আলিকে। আজহার আলির প্রতিবেশীরা বলেন, এলাকায় কারও সঙ্গে কোনও গন্ডগোল ছিল না ওই পাঁপড় বিক্রেতার। মেলায় মেলায় পাপড় বিক্রি করেই সংসার চালাতেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








