৭ রাউন্ড ছররা গুলি চালান এক জওয়ান

0
28
ছবি সৌজন্যে : ফাইল

দিল্লিতে ককরোচ জনতা পার্টি-র ডাকে সংসদ ভবন অভিযানের দিন অন্তত সাত রাউন্ড ছররা গুলি বা পেলেট গান চালিয়েছিলেন র‌্যাপিড অ্যাকশন ফোর্স বা র‌্যাফের এক জওয়ান। তার মধ্যে পাঁচ রাউন্ড গুলি লাগে আন্দোলনকারীদের গায়ে।

আর দু’রাউন্ড লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে গিয়ে পড়ে। প্রাথমিক তদন্তের পর এমনটাই জানতে পেরেছে সিআরপিএফ। যদিও, সিআরপিএফ-এর তরফে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। সিআরপিএফ জানতে পেরেছে যে, র‌্যাফের ওই জওয়ান ২০ জুলাই সিজেপি-র সংসদ অভিযানের দিন দিল্লির কনট প্লেসের কাছে নিরাপত্তারক্ষার দায়িত্বে ছিলেন। সিআরপিএফ-এর ময়নাতদন্তে উঠে এসেছে যে, আন্দোলনকারীদের একাংশ হঠাৎই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করলে ওই জওয়ান পাল্টা ছররা গুলি চালাতে থাকেন।

ছররা গুলির ঘায়ে মোট কত জন আহত হয়েছেন, তা স্পষ্ট নয়। তবে ছররা গুলির ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন জন। তাঁরা হলেন বছর পঁচিশের ইরশাদ শেখ, বছর উনিশের সাহিল লোচাব এবং একটি ইংরেজি ম্যাগাজিনের ২৮ বছর বয়সি সাংবাদিক। অভ্যন্তরীণ বৈঠকে র‌্যাফের আইজি জানান, পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত দিল্লির বর্তমান পরিস্থিতিতে বাহিনীর কোনও সদস্য পেলেট গান, বৈদ্যুতিক শক দেওয়ার অস্ত্র ব্যবহার করতে পারবেন না। বাহিনীর অনেক সদস্যের মাথায় হেলমেট এবং প্রয়োজনীয় সুরক্ষাকবচ না-দেখে উষ্মাপ্রকাশ করেন তিনি।