
আরব দুনিয়ায় বাড়তে থাকা উত্তেজনা ও সংঘাতের মধ্যে গালফ অঞ্চলে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে সবরকম ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। পরিবর্তিত আকাশপথ পরিস্থিতি নজরে রেখে ভারত সরকার গালফে থাকা ভারতীয় দূতাবাসগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
সেই সঙ্গে বিভিন্ন রাজ্যও তাদের বাসিন্দাদের সাহায্যে সক্রিয় ভূমিকা নিয়েছে। এদিকে,আরবদুনিয়ায় সংঘাত-পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার জেদ্দা থেকে ভারতের বিভিন্ন শহরে মোট ১০টি বিমান চালানোর পরিকল্পনা করা হয়েছে, যেগুলি ভারতীয়দের উদ্ধার করে নিয়ে দেশে ফিরবে।
আকাশপথের পরিস্থিতি অনুকূল থাকলে এবং প্রয়োজনীয় অনুমতি মিললেই এই ফ্লাইটগুলি উড়বে। যাত্রীদের সহায়তার জন্য জেদ্দায় ভারতের কনস্যুলেটের সঙ্গে কোম্পানি যোগাযোগ করছে।এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্যকে সতর্ক থাকতে বলেছে। ইরানের উপর আমেরিকা-ইজরায়েলের সামরিক হামলার পর দেশের ভিতরে কোনও ধরনের উস্কানি বা হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে এই নির্দেশ।








