মায়ানমারের নির্বাচন ঘিরে সমালোচনার ঝড়

0
59
ছবি সৌজন্যে : এক্স

মায়ানমারে রবিবার সাধারণ নির্বাচনের প্রথম ধাপ আয়োজন করতে যাচ্ছে। পাঁচ বছরের মধ্যে এটিই দেশটির প্রথম ভোট।

তবে সমালোচকদের মতে, এই নির্বাচন ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ধ্বংস হয়ে যাওয়া ভঙ্গুর গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবে না, কিংবা কঠোর সামরিক শাসনের ফলে শুরু হওয়া ভয়াবহ গৃহযুদ্ধেরও অবসান ঘটাবে না।এদিকে,মায়ানমারের সামরিক সরকার এই নির্বাচনকে বহুদলীয় গণতন্ত্রে ফেরার প্রক্রিয়া হিসেবে তুলে ধরছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে সেনাবাহিনী নিজেদের শাসনকে বৈধতার একটি আবরণ দেওয়ার চেষ্টা করছে। উল্লেখ্য,চার বছর আগে সেনাবাহিনী নির্বাচিত সরকারপ্রধান অং সান সু চিকে উৎখাত করে ক্ষমতা দখল করে। সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়ে ব্যাপক গণবিরোধিতা শুরু হয়, যা পরে গৃহযুদ্ধে রূপ নেয়। বর্তমান সংঘাতের কারণে বহু বিতর্কিত ও সংঘর্ষপূর্ণ এলাকায় নির্বাচন আয়োজন করাই কঠিন হয়ে পড়েছে। নির্বাচনটি তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ রবিবার, দ্বিতীয় ধাপ, ১১ জানুয়ারি এবং তৃতীয় ধাপ, ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।অন্যদিকে মানবাধিকার সংগঠন ও বিরোধী দলগুলো বলছে,এই নির্বাচন স্বাধীন ও সুষ্ঠু হবে না এবং প্রকৃত ক্ষমতা শেষ পর্যন্ত সামরিক প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের হাতেই থেকে যাবে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মায়ানমার বিষয়ক বিশ্লেষক রিচার্ড হর্সি বলেছেন, এই নির্বাচন পরিচালনা করছে সেই একই সেনাবাহিনী, যারা ২০২১ সালের অভ্যুত্থানের নেপথ্যে ছিল। এই নির্বাচন একেবারেই বিশ্বাসযোগ্য নয়। গত ও তার আগের নির্বাচনে যারা ভালো ফল করেছিল, তাদের কোনো রাজনৈতিক দলই এতে অন্তর্ভুক্ত নয়।