
পথিকৃৎ বসুর পরিচালনায় জিৎ যে পর্দায় দেশপ্রেমের গাথা ফুটিয়ে তুলবেন,মে মাসেই সেখবর জানা গিয়েছিল। সুপারস্টার জিৎ অভিনয় করছেন বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায়।
যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্য়তম নায়ক। কালীপুজোর শুভক্ষণে ,কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটির শুভ মহরৎ সম্পন্ন হয়েছে।এবার শুটিং শুরু করে নতুন মোশন পোস্টারে চমক দিলেন সুপারস্টার জিৎ।মাসখানেক আগেই জানা গিয়েছিল যে, দুর্গাপুজোর পর অক্টোবর মাস থেকে,কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটির শুটিং শুরু করতে চলেছেন জিৎ।কলকাতা, ঝাড়খণ্ড, মাসাঞ্জর ড্যাম-এর মতো বিভিন্ন লোকেশনে এই পিরিয়ড ড্রামার শুটিং হতে চলেছে। খবর, ইতিমধ্যেই গোটা টিম নিয়ে মাঠে নেমে পড়েছেন পরিচালক পথিকৃৎ বসু। এবার মোশন পোস্টারে স্বাধীনতা উত্তর পর্বে বিপ্লবীদের নানা কর্মকাণ্ডের প্রতিবেদনের কোলাজ দেখা গিয়েছে। সেখানেই ফুটে উঠেছে বিপ্লবী বেশে জিতের অবয়ব।নতুন পোস্টার দেখে জিৎ ফ্যানরাও ততোধিক উচ্ছ্বসিত।ঐতিহাসিক এই চরিত্রে অভিনয়ের জন্য নিজের মতো করে কড়া হোমওয়ার্ক করেছেন সুপারস্টার। পরিচালক পথিকৃৎ বসু জানিয়েছেন, জিৎ মুম্বইতে নিয়ম করে ফাইটমাস্টারের কাছে লাঠিখেলা শিখেছেন। তিনি ,জিৎ সকলেই ভীষণ এক্সাইটেড সিনেমাটি নিয়ে। উল্লেখ্য এই ছবিতে জিৎকে বিপ্লবী অনন্ত সিংয়ের লুকে ফুটিয়ে তোলার দায়িত্বভার বর্তেছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটান শিল্পী সোমনাথ কুন্ডুর উপর। অভিনেতার প্রস্থেটিক লুকের ঝলক ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। এবার নতুন মোশন পোস্টারে কৌতূহলের পারদ চড়েছে।কীভাবে মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায়, তাঁর নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিং,সেই বীরত্বের কাহিনিই তুলে ধরা হবে এই ছবিতে। নন্দী মুভিজের প্রযোজনায়,প্রদীপ কুমার নন্দীর পরিবেশনায় তৈরি হতে চলেছে এই ছবি। উল্লেখ্য,বহু বছর পর টলিউডে নিজের প্রযোজনা সংস্থার বাইরে অন্য কোনও ব্যানারে কাজ করছেন জিৎ।প্রসঙ্গত, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবির গল্প ষাটের দশকের কলকাতার প্রেক্ষাপটে।
গল্পের মূল নায়ক অনন্ত সিংহ,যিনি একসময় ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। সেই ভূমিকাতেই টলিউড সুপারস্টার জিৎ।









