
মুম্বইয়ে ফের দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে কিশোর বাইক চালকের। গুরুতর আহত আরও এক। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের দহিসার এলাকায়। পুলিশ সূত্রে খবর, করণ রাজপুত এবং আদিত্য নামে দুই কিশোর বাইকে করে দহিসার থেকে কান্দিভালি যাচ্ছিল।
সেই সময় দহিসারের কাছেই একটি দ্রুতগতির গাড়ি তাদের ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে করণ আর আদিত্যকে পিষে দেয় গাড়িটি। তারপর চালক চম্পট দেন। স্থানীয়েরাই দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু আদিত্যের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করণ।পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা এবং মোটর ভেহিকল অ্যাক্টে অভিযুক্ত চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বাইকটিকে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা। চালকের খোঁজে একটি বিশেষ দল গঠন করেছে পুলিশ।









