
ফের কুলতলির মৈপীঠে বাঘের পায়ের ছাপের সন্ধানে আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার সকাল থেকে নতুন করে আতঙ্কে নগেনাবাদ ও ভাষায় এলাকার পাইকপাড়া সংলগ্ন জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা।
একাংশের দাবি, শুধু পায়ের ছাপই নয়, গর্জনও শুনেছেন তাঁরা। মনে করা হচ্ছে, একটি নয়, ঘুরে বেড়াচ্ছে ২টি বাঘ।৬ জানুয়ারি প্রথমবার বাঘের পায়ের ছাপ মিলেছিল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ এলাকায়। বাঘবন্দি করতে ময়দানে নামে বন দফতরের কর্মীরা। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। দিনদুয়েক পর নদীর পাড়ে মেলে বাঘের পায়ের ছাপ। এরপরই স্বস্তি পেয়েছিলেন মৈপীঠবাসীরা। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। রাত পেরতে না পেরতে ফের লোকালয় সংলগ্ন ম্য়ানগ্রোভে মেলে বাঘের পায়ের ছাপ। সেবারও ফিরে গিয়েছিল হলুদ ডোরাকাটা। পরবর্তীতে সোমবার রাতে ফের লোকালয়ের পাশের জঙ্গলে ফিরে আসে দক্ষিণরায়। স্থানীয়রা বাঘটির উপস্থিতি টের পেয়েছেন বলে দাবি করেন। রাতেই খবর দেওয়া হয় বন দফতরে। তৎক্ষণাৎ পদক্ষেপ করেন কর্মীরা। মঙ্গলবার গভীররাতে মাকড়ি নদীর পাড়ে মেলে পায়ের ছাপ। ফলে মনে করা হয়, আজমলমারি জঙ্গলে ফিরে গিয়েছে দক্ষিণরায়।
তবে আশঙ্কা ছিলই বাঘের ফিরে আসার। সেই আশঙ্কাই কার্যত সত্যি হল।
