
জমি দখলকাণ্ডে এবার দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে শিলিগুড়ির তৃণমূল নেতা গৌতম গোস্বামীকে। জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেই শিলিগুড়ির মেয়র গৌতম ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করেছিল পুলিশ।
এবার দেবাশিস ঘনিষ্ঠ গৌতম গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে। গৌতম গোস্বামী ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকের তৃণমূলের সহ সভাপতি। পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সদস্যও গৌতম। দেবাশিস গ্রেফতারের পরেই শিলিগুড়ি ছেড়ে প্রথমে হায়দরাবাদ, সেখান থেকে বেঙ্গালুরু পরে দিল্লি যান গৌতম। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।এদিকে জলপাইগুড়ির জমিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকেও। গজলডোবার সরকারি জমি দখলের অভিযোগে বিজেপি নেতা উত্তম রায়কে গ্রেফতার করেছে পুলিশ। রাজগঞ্জের বিএলআরও-র অভিযোগের ভিত্তিতে উত্তম রায়কে গ্রেফতার করা হয়েছে। বাম আমলে পাট্টা পেয়েছেন, বিজেপি করায় ফাঁসানো হয়েছে বলে দাবি উত্তমের।








