
অসমে তৈরি হতে চলেছে দেশের প্রথম সড়ক–রেল যৌথ সুড়ঙ্গ ব্রহ্মপুত্র নদের তলায়। ১৮ হাজার ৬৬২ কোটি টাকার এই প্রকল্পে গোহপুর থেকে নুমালীগড় পর্যন্ত গড়ে উঠবে চার লেনের অ্যাকসেস-কন্ট্রোলড গ্রিনফিল্ড করিডর।
কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হবে ইঞ্জিনিয়ারিং–প্রকিউরমেন্ট–কনস্ট্রাকশন বা ইপিসি মডেলে। এটি শুধু ভারতের প্রথম আন্ডারওয়াটার রোড-অ্যান্ড-রেল টানেলই নয়, বিশ্বে দ্বিতীয় এমন প্রকল্প বলেও দাবি করা হয়েছে।
বর্তমানে নুমালীগড় থেকে গোহপুর পৌঁছতে প্রায় ২৪০ কিলোমিটার পথ ঘুরতে হয়। কালিয়াভোমোরা হয়ে সিলঘাট পেরিয়ে যাত্রা—সময় লাগে প্রায় ছ’ঘণ্টা। সেই দীর্ঘ পথ কমিয়ে আনবে নতুন করিডর। এই রুট কাজিরাঙা জাতীয় উদ্যান ও বিশ্বনাথ শহর দিয়ে যায়। নতুন প্রকল্প চালু হলে সময় ও দূরত্ব দুটোই কমবে।
