
রূপোলী পর্দার অভিনেতা আজীবন কট্টর ইস্টবেঙ্গল সমর্থক প্রয়াত রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে অভিনব শ্রদ্ধার্ঘ্যের সাক্ষী ছিল তিলোত্তমা। চলচ্চিত্র দুনিয়া বা ক্রীড়া জগতের ইতিহাসে সাম্প্রতিককালে কোনো অনুরাগীর স্মরণে এই পর্যায়ের উদ্যোগ দেখা যায়নি।
রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের শেষ অভিনীত সিনেমা ছবিওয়ালা এবং পরিচালক বাপ্পার উদ্যোগে ১৫ই জুন কলকাতার ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাব মাঠে আয়োজিত হয়েছিল এই বিশেষ ট্রিবিউট ম্যাচটি। ফুটবল ও সিনেমা, বাঙালির এই দুই আবেগের মেলবন্ধন ঘটিয়ে এই ইভেন্টের ট্যাগলাইন রাখা হয়েছিল ‘লাল-হলুদ গ্যালারির ছবিওয়ালা’। গ্যালারিতে রাহুলের সেই চেনা ছবি, টলিউড ও ময়দান উভয় মহলই ভীষণভাবে মিস করেছে। আর তাই প্রিয় সমর্থককে শেষ শ্রদ্ধা জানাতে বুট পায়ে মাঠে নেমেছিলেন একঝাঁক প্রাক্তন লাল-হলুদ ফুটবল তারকা।
এই বিশেষ ম্যাচে খেলতে দেখা গিয়েছে অ্যালভিটো ডি’কুনহা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, সৈয়দ রহিম নবী, অসীম বিশ্বাস, অর্ণব মন্ডল, সৌমিক দে, মহ: রফিক সহ ইস্টবেঙ্গলের বহু প্রাক্তনী ও দিগ্বজ তারকাদের। উপস্থিত ছিলেন পরিচালক বাপ্পা সহ প্রযোজক শতদীপ সাহা। এছাড়াও দেবলীনা দত্ত, সাহেব চট্টোপাধ্যায়, ঋষভ বসু, রানা বসু ঠাকুর, সৌম্য ব্যানার্জি, মৌমিতা হরি প্রমুখরাও ছিলেন এই অনুষ্ঠানে। সমগ্র চলচ্চিত্র দুনিয়া ও ক্রীড়া জগত একজোট হয়ে এই অনন্য শ্রদ্ধার্ঘ্যের অংশ হয়েছেন।
