
ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্কের ভাড়া বাড়ি থেকে হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় মহিলার নলিকাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলা বছর ৩২ কিংবা ৩৪-র ছায়া সর্দার। পাশাপাশি ওই মহিলার আধার কার্ডের নথিতে সমস্যা রয়েছে বলে খবর পুলিশ সূত্রের
স্থানীয় সূত্রে খবর, স্বামীর সঙ্গে থাকবেন বলেই ৭ দিন আগেই ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্কে ওই মহিলা ঘর ভাড়া নিয়েছিলেন। এরপরই বৃহস্পতিবার বছর ৩৪-র ওই মহিলার হাত-পা বাঁধা ও মুখে কাপড় গোঁজা অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার হয় ভাড়া বাড়ির ঘর থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ। খবর দেওয়া হয় লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দাদেরও। ফরেন্সিক বিশেষজ্ঞেরাও নমুনা সংগ্রহ করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক অনুমান, তাঁকে খুন করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন নিহত মহিলার স্বামী। কার মারফত তিনি এই বাড়িতে ভাড়া এসেছেন, সেই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
তবে মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের কাছে কম্বলচাপা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
