
হাওড়া স্টেশনে ট্রেনের ইঞ্জিনের মাথায় এক মানসিক ভারসাম্যহীন যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে গায়ে আগুন লেগে মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৭ নম্বর প্লাটফর্মে।
জানা গিয়েছে, রাত ১টা নাগাদ হাওড়া স্টেশনের ১৮ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেসের মাথায় উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন এক যুবক। এরপরই ২৫ হাজার ভোল্টেজ তারের সংস্পর্শে এসে জ্বলতে থাকেন যুবক।এই দৃশ্য দেখে শিউরে ওঠেন যাত্রীরা। সঙ্গে সঙ্গে কর্তব্যরত আরপিএফ জওয়ানরা ছুটে আসেন। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে দ্রুত আগুন নেভান। ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। অর্ধদগ্ধ অবস্থায় ওই যুবককে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, মৃত্যু হয়েছে ওই যুবকের। জানা গিয়েছে, যুবক ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা।তাঁর নাম শম্ভু কুমার যাদব। এদিকে, ট্রেনে তল্লাশির সময় একটি পরিত্যক্ত ব্যাগ পেয়েছে পুলিশ। সেই ব্যাগটি যুবকের কিনা খতিয়ে দেখছেন তদন্তাকারীরা।
এই ঘটনার পর হাওড়া স্টেশনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক যুবক ট্রেনের ইঞ্জিনে উঠে গেলেও কারও চোখে পড়ল না কেন, প্রশ্ন তুলছেন যাত্রীরা। এই প্রথম নয়, আগেও একাধিকবার এইরকম কাণ্ড ঘটেছে হাওড়া স্টেশনে।









