চেতলায় মেয়রের ওয়ার্ডে গলায় শাবল ঢুকিয়ে খুন

0
139
ছবি সৌজন্যে : নিজস্ব

চেতলায় মদের আসরে বচসা থেকে যুবকের গলায় শাবল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই অবস্থাতেই প্রায় একশো মিটার প্রাণ বাঁচাতে ছুটেছিলেন রক্তাক্ত যুবক।

পরে তাঁর মৃত্যু হয়। হাড়হিম করা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চেতলায়। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক অশোক পাসোয়ান। পুলিশ ঘটনার তদন্তে নেমে একজনকে আটক করেছে বলে খবর। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে চেতলা ১৭এ/১৭বি বাসস্ট্যান্ডের সামনে ওই খুনে’র ঘটনা ঘটেছে। বাসস্ট্যান্ডের অদূরেই মদ্যপানের আসর বসেছিল!

স্থানীয় কয়েকজন সেই আসরে ছিলেন বলে খবর। মদ্যপানের সময় কোনও বিষয় নিয়ে অশোক পাসোয়ানের সঙ্গে এক যুবকের বিবাদ বাঁধে। বিবাদ চরমে উঠলে অভিযুক্ত যুবক অশোকের গলায় শাবল ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। সেই অবস্থায় অশোক প্রায় একশো মিটার দৌড়ে পালিয়েছিলেন। তারপর রাস্তাতেই পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।