
মুম্বইয়ে রহস্যমৃত্যু হুগলির চুঁচুড়ার এক যুবতীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত সঙ্গীতা চক্রবর্তী। পরিবার সূত্রে খবর, কয়েক দিন আগে মুম্বইয়ের একটি যোগআশ্রমে গিয়েছিলেন চুঁচুড়ার কারবালার বাসিন্দা সঙ্গীতা। সেখানে একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে তলিয়ে যান।
সোমবার রাতে মেয়ের মৃত্যুসংবাদ পায় পরিবার। মঙ্গলবার ভোরে মুম্বই রওনা হয়েছেন দিলীপ চক্রবর্তী। পরিবার সূত্রে খবর, সঙ্গীতা একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। পাশাপাশি গানের চর্চা করতেন। হালে বিভিন্ন জায়গায় সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন তিনি।
ওই এলাকার কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেছেন, পাড়ার মেয়ে সঙ্গীতা। খুব ভালো গানবাজনা করত। আমাদের পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। যদিও ঠিক কী ভাবে যুবতীর মৃত্যু হল,তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে কাউন্সিলর বলেন, খুবই মর্মান্তিক ঘটনা।
