
বহুতলের ছাদ থেকে মরণঝাঁপ দিয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহেশতলায়। স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ মহেশতলার বাটার মোড় এলাকার ইডেন এপার্টমেন্ট-র পাঁচতলার ছাদ থেকে মরণঝাঁপ দেয় ওই যুবক।
খবর পেয়ে আবাসিকরা ছুটে এসে দেখেন ফ্ল্যাটের সামনে এক যুবক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রয়েছেন। খবর দেওয়া হয় পুলিশে। মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি কলকাতার মানিকতলার বাসিন্দা, যদিও তাঁর নাম পরিচয় এখনও জানা যায়নি। বহুতলের বাসিন্দাদের বক্তব্য এই বহু তলের তিনতলায় জমি সংক্রান্ত কোন ব্যাপারে আলোচনা পর্ব চলছিল। যদিও ওই যুবক আলোচনায় ছিল কিনা এখনও স্পষ্ট নয়। তবে পাঁচ তলার ছাদ থেকে ওই ব্যক্তির দুটি আইফোন ও একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে খুন না আত্মহত্যা তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ।








