
আধার কার্ড নিয়ে সমস্যার ফলে পড়ুয়াকে বাংলাদেশি নাগরিক বলে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, নদিয়ার কল্যাণীর পান্নালাল ইনস্টিটিউশন বিদ্যালয়ে।
ঘটনায় প্রধান শিক্ষকের ঘরে তাঁকে ঘিরে অবস্থান বিক্ষোভ দেখিয়েছে এসএফআই কর্মী সমর্থরা। ভর্তি হতে আসা পড়ুয়া ও তার অভিভাবকের অভিযোগ, এর আগে ভর্তি হতে আসলে আধার কার্ডের সমস্যা দেখিয়ে প্রধান শিক্ষক ভর্তি নিতে চান না। উপরন্ত তাদেরকে বাংলাদেশি নাগরিক বলে অপমান করে বিদ্যালয়ের থেকে তাড়িয়ে দেন, এবং বলেন মধ্যশিক্ষা পর্ষদকে জানালেও তিনি ভর্তি নেবেন না। ঘটনা জানাজানি হতেই পড়ুয়া এবং তার অভিভাবককে সঙ্গে নিয়ে হেডমাস্টারের ঘরে আটকে রেখে অবস্থান বিক্ষোভ দেখান এসএফআই কর্মী সমর্থকেরা। ঘটনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয় স্কুল চত্বরে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, তিনি বারবার জানিয়েছেন ভর্তি নেওয়া হবে। তবে যে সমস্ত বৈধ কাগজ আজ দেখানো হচ্ছে আগে সেই সমস্ত কাগজ দেখানো হয়নি।
সে কারণেই ভর্তি প্রক্রিয়াতে বিলম্ব ঘটে। অপরদিকে এসএফআই-র তরফে স্কুলে ঠিকমত পঠন পাঠন না করানো,আর্থিক দুর্নীতি, সহ ছাত্র-ছাত্রীদেরকে মারধরের অভিযোগও তোলা হয়েছে।








