
বিয়ের বয়স মাত্র পাঁচদিন। গৌরীর সঙ্গে সই বিয়ে সেরেছেন আমির খান। তারপরই জীবনে খুশির জোয়ার। সুদূর বিদেশ থেকে সুখবর শোনালেন সদ্য বিবাহিত আমির। ষাটোর্ধ্ব অভিনেতার জীবনে গৌরী তো একেবারে লাকি চার্ম, খান পরিবারে গৌরীর পদধূলি পড়তেই আমিরের জীবনে খুশির ডবল ডোজ।
আমিরের কেরিয়ারে নতুন দিগন্তের উন্মোচন ঘটল বললে অত্যুক্তি হবে না। কবীর খান ফিল্মস ও অস্ট্রেলিয়ার মাইন্ড ব্লোয়িং ফিল্মসের সঙ্গে জোট বাঁধল আমিরের প্রযোজনা সংস্থা। আসছে বলিউডের নতুন ছবি সিল্কইয়ারা ৪১। বিদেশ থেকে সেই সুখবরই দিয়েছেন অভিনেতা-প্রযোজক আমির খান। চিত্রনাট্য লিখেছেন খ্যাতনামা অস্ট্রেলীয় চিত্রনাট্যকার অ্যান্ড্রু আনাস্তাসিওস। পরিচালনার দায়িত্বে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ভারতীয় পরিচালক কবীর খান। যাঁর ভাবনায় বজরঙ্গি ভাইজান, ৮৩, এক থা টাইগার-এর মতো ছবি। ভারত ও অস্ট্রেলিয়ার যৌথ প্রচেষ্টায় এক ঐতিহাসিক চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে এগোচ্ছে দুই দেশ। সত্য ঘটনা অবলম্বনে ছবি তৈরিতে উদ্যোগী ভারত-অস্ট্রেলিয়া। উত্তরাখণ্ডের সিল্কইয়ারা সুড়ঙ্গের বিপর্যয়ের নেপথ্য কাহিনি তুলে ধরা হবে ছবিতে।২০২৩ সালে উত্তরকাশীর সিল্কইয়ারা টানেল থেকে উদ্ধার করা হয়েছিল ৪১ জন শ্রমিককে।
১৭ দিনের রুদ্ধশ্বাস উদ্ধারকাজের পর অবশেষে সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করে আনা সম্ভব হয়েছিল। উদ্ধারকারী দলকে কুর্নিশ জানিয়েছিল গোটা দেশ।বাস্তবের সেই ঘটনাকেই সেলুলয়েডে তুলে ধরার এক অনবদ্য প্রয়াস। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টানেলিং বিশেষজ্ঞ অধ্যাপক আর্নল্ড ডিক্সের গুরুত্বপূর্ণ অবদানও দর্শকের দরবারে মেলে ধরা হবে। ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল দ্বিপাক্ষিক সম্পর্ককে যখন আরও সুদৃঢ় করতে উদ্যোগী তখনই সিনেদুনিয়াতেও বিরাট ঘোষণা।
