
সুপারস্টার আমির খানের আলোচিত সিনেমা সিতারে জামিন পার অবশেষে মুক্তি পেতে চলেছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে। আগামী ১ আগস্ট থেকে দর্শকরা মাত্র ১০০ টাকার বিনিময়ে ছবিটি দেখতে পারবেন। এক রিপোর্টে বলা হয়েছে, প্রেক্ষাগৃহে সাফল্যের পর অ্যামাজন প্রাইম ভিডিওর ১২০ কোটি টাকার অফারও ফিরিয়ে দিয়েছিলেন আমির খান।
তার মূল উদ্দেশ্য ছিল, ছবিটি যেন সাশ্রয়ী মূল্যে বিশ্বের সব মানুষের কাছে পৌঁছে যায়। সে লক্ষ্যেই এবার ওটিটির পরিবর্তে ইউটিউব সিনেমা অন ডিমান্ডে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আমির খান ও জেনেলিয়া ডি’সুজা অভিনীত সিতারে জামিন পার প্রেক্ষাগৃহে দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে।এই ছবিটি শুধু ইউটিউবেই দেখা যাবে এবং অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে না বলে নিশ্চিত করা হয়েছে।দর্শকরা ১০০ টাকায় সিতারে জামিন পার দেখতে পাবেন।এছাড়াও,আমেরিকা,কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং স্পেন-সহ মোট ৩৮টি দেশে স্থানীয় মূল্যে ছবিটি দেখা যাবে। ভবিষ্যতে আমির খান প্রোডাকশনের আরও সিনেমা এই প্ল্যাটফর্মে আসবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।ইউটিউবে ছবিটি আনার বিষয়ে অভিনেতা ও প্রযোজক আমির খান বলেছেন, গত ১৫ বছর ধরে চেষ্টা করছেন যারা প্রেক্ষাগৃহে যেতে পারেন না তাদের কাছেও যেন সিনেমা পৌঁছে যায়।
অবশেষে সেই সময় এসেছে যখন সবকিছু একসঙ্গে ঠিকঠাক চলছে।ভারতে ইন্টারনেটের ব্যবহারও খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং প্রতিদিন বাড়ছে। ইউটিউব প্রায় প্রতিটি ডিভাইসে রয়েছে। এখন ভারতের বিশাল অংশে এবং বিশ্বের অনেক লোকের কাছে তাঁরা সিনেমা নিয়ে যেতে পারেন।
