
বলিউডের মিস্টার পারফেকশনিষ্ট তিনি। অভিনয়দক্ষতা আর কঠোর পরিশ্রমে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বলিউডে প্রথম ১০০ কোটি আয় করা সিনেমা থেকে শুরু করে সর্বোচ্চ আয় করা সিনেমার মালিক তিনি।
তিন দশকের বেশি সময় ধরে পর্দায় দেখিয়ে চলেছেন দাপট। মেগাস্টার আমির খানের থ্রি ইডিয়টস, পিকে দেখে যেমন মানুষ হেসেছে, তেমনি রোমাঞ্চিত হয়েছে ধুম থ্রি, দঙ্গল দেখে। তবে ক্যারিয়ারের শুরুতে তার পথচলাটা ছিল ভুলে ভরা। দ্বিতীয় অধ্যায়ে এসে সফলতার শিখরে পৌঁছান আমির। রিপোর্ট অনুসারে, ক্যারিয়ারের প্রথম পর্যায়ে তিনি কায়ামত সে কায়ামত তক দিয়েই তারকা তকমা পান। ওই সিনেমার পর আমির প্রায় ৪০০ সিনেমার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তবু তিনি অনেক দিন তেমন কোনো হিট সিনেমা দিতে পারেননি। সম্প্রতি আমির খানের সিনেমা নিয়ে একটি উৎসবের আয়োজন হয়। আমির খান সিনেমা কা জাদুকর নামের এ উৎসবেই জাভেদ আখতারের সঙ্গে কথোপকথনে ছিলেন আমির।সেখানেই এসব কথা বলেছেন অভিনেতা।আমির খান তার সিনেমাযাত্রা ও কায়ামত সে কায়ামত তক -এর পরের সময়ের কথা প্রকাশ করে জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি নিজের সিনেমা বাছাই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। নিজের সিদ্ধান্ত নিয়ে নিজেই খুশি ছিলেন না। তবে সে সময় তার কাছে প্রচুর সিনেমার অফার আসছিল। এ নিয়ে তিনি বলেছেন,কায়ামত সে কায়ামত তক তাঁকে একটা বড় সুযোগ দিয়েছিল।এ সিনেমা মুক্তির পর আমির খান প্রায় ৩০০-৪০০ সিনেমার অফার পান।উল্লেখ্য,অভিনয় শুরুর আগে আমির খান মূলত পর্দার পেছনে কাজ করতেন। তিনি বলেছেন, সে সময় পর্যন্ত নাসির হুসেন ও মনসুর খানের সহকারী হিসেবে কাজ করেছেন কেবল। কিন্তু প্রথম সিনেমা সফল হওয়ার পর প্রচুর অফার পেতে শুরু করেন। নানা জায়গা থেকে প্রযোজকরা এসে তাঁর সঙ্গে দেখা করতে শুরু করেন। তিনি তখন নতুন। বুঝতে পারতেন না যে একটা সিনেমা মানে একটা দায়িত্ব।অন্যদিকে আমির খান ছিলেন মনসুর খানের ভাইপো। সিনেমার সঙ্গে আমিরের সম্পর্ক বহু পুরাতন। তিনি সিনেমার ভেতর বাইরের নানা খবর রাখতেন। আমির বলেছেন,সে সময় অভিনেতারা ৩০-৫০টা সিনেমায়ও একই সময় কাজ করতেন। অনীল কাপুর সম্ভবত কম করতেন। তাও ৩৩টা সিনেমা একসঙ্গে নিয়েছিলেন হাতে। সে অবস্থা দেখে আমির খানও একবারে ৯-১০টা সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে যান।
আমির খানের কাছে সে সময় এত সিনেমা এসেছিল যে তার পক্ষে বিষয়গুলো নিয়ে চিন্তা করার মতো অবসরই ছিল না। তার মধ্যে বিভিন্ন ধরনের নির্মাতার কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন তিনি।কিন্তু যাদের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখতেন, তারা তাকে কাজের প্রস্তাব দেননি।আপসোস আমির খানের।









