
পশ্চিমবঙ্গের ধাঁচে দিল্লিতেও এবার চালু হবে লক্ষীর ভান্ডার। শুধু তাই নয় ,বিধানসভা ভোটে আম আদমি পার্টি জিতলে সেই ভাতার টাকা এক হাজার থেকে বাড়িয়ে দ্বিগুন করা হবে।
ভোট প্রচারে এমনি প্রতিস্রুতি দিয়েছেন খোদ অরবিন্দ কেজরিওয়াল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকেই মডেল করেছেন অরবিন্দ কেজরিওয়াল। ১৮ বছরের উর্ধ্বে সব মহিলাকে মাসে এক হাজার টাকা করে অনুদান দেওয়া প্রকল্প ঘোষণা করেছেন আপের সর্বময় নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী মারলেনাকে পাশে নিয়ে বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই আপ সরকার এই প্রকল্প শুরু করতে চলেছে। বৃহস্পতিবার থেকেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।ভোটের মুখে শুধু হাজার টাকা দেওয়াই নয়, ভোটে জিতলে সেই অঙ্ক যে দ্বিগুণেরও বেশি হবে, তাও স্পষ্ট করে দিয়েছেন আপ প্রধান। তিনি জানিয়েছেন, দিল্লিতে ফের আপের সরকার হলে ভোটের পর থেকে মহিলারা প্রতি মাসে ২ হাজার ১০০ টাকা করে পাবেন। মার্চ মাসে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীনই এই প্রকল্প শুরু করতে চেয়েছিলেন। কিন্তু বিজেপি তাঁকে জেলে ঢুকিয়ে তা আটকে দিয়েছিল।উল্লেখ্য, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটকের পর সদ্যসমাপ্ত মহারাষ্ট্র, ঝাড়ঘণ্ডের ভোটের ফলাফলেও দেখা গিয়েছে, মহিলাদের মাসে নগদ দেওয়ার কৌশল জাদুদণ্ডের কাজ করেছে।
২০২১ সালের ভোটের আগে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতে তা বাস্তবায়িতও করেছিলেন তিনি।









