
এসআইআর প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের আর্থিক সহায়তার অনুমোদনপত্র গ্রাহ্য নয়। সিইও-কে চিঠি দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
ডোমিসাইল সার্টিফিকেট ও স্থায়ী রেসিডেন্ট সার্টিফিকেট গ্রহণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে দেখা যাচ্ছিল অনেক শুনানি কেন্দ্রেই গ্রহণ করা হচ্ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা ও বাংলার বাড়ি প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের নথি গ্রহণ যোগ্য নয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ২১ জানুয়ারি ২০২৬-এ পাঠানো একটি রেফারেন্সের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত স্পষ্ট করা হয়েছে। সেখানে জানতে চাওয়া হয়েছিল, উল্লিখিত আবাস প্রকল্পগুলির আর্থিক অনুমোদনপত্র এসআইআর প্রক্রিয়ায় গ্রহণযোগ্য কি না। চিঠিতে ৯ ফেব্রুয়ারি, সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ করে বলা হয়েছে, আদালত জানিয়েছে, যাঁদের নোটিস দেওয়া হয়েছে, তাঁরা এসআইআর নোটিসে উল্লিখিত নথি বা আদালতের ১৯ জানুয়ারির নির্দেশে উল্লিখিত নথির উপর নির্ভর করতে পারবেন, এবং আপত্তি নিষ্পত্তির সময় ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা সেই নথিগুলি বিবেচনা করবেন।
এ প্রসঙ্গে কমিশন জানিয়েছে, ২৭ অক্টোবর ২০২৫-এ জারি হওয়া এসআইআর নির্দেশিকায় সরকারি জমি বা বাড়ি বরাদ্দের শংসাপত্র একটি নির্দেশক নথি হিসেবে উল্লেখ রয়েছে। চিঠির শেষে নির্দেশ দেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকের নজরে এনে কঠোরভাবে কার্যকর করতে হবে।







