
শারীরিক অসুস্থতার জন্য বিধানসভায় বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত বিতর্কে সিআইডি তলব এড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে তাঁর দক্ষিণ কলকাতার বাসভবনে পৌঁছে নোটিস দেয় সিআইডি।
সোমবার দুপুর ১২টায় ভবানী ভবনে তাঁকে তলব করা হয়। কিন্তু তিনি তলবে সাড়া দেবেন কিনা, তা নিয়ে জল্পনা ছিল। তবে ইতিমধ্যে জানা গেছে, তিনি সোমবার ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন না। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নাটকীয় ঘটনা ঘটে। ভোট-পরবর্তী হিংসায় নিহত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও হামলার মুখে পড়েন তিনি। পরে চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুটি বেসরকারি হাসপাতালই তাঁকে ভর্তি নেয়নি। বলা হয়, আঘাত গুরুতর নয় তাই বিশ্রাম নিলেই হবে। বর্তমানে তাই অভিষেক বাড়িতেই রয়েছেন। শারীরিক অসুস্থতার জন্য হাজিরা দিতে পারছেন না বলে সিআইডি-কে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি।
হাজিরার জন্য অন্য তারিখ চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। এরই মধ্যে তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে পাঁচ সদস্যের একটি সিট গঠন করেছে সিআইডি।
