নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ইডি দফতরে অভিষেক

0
26
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ১১টা নাগাদ তাঁকে ডাকা হয়েছিল।
সময়ের কিছু আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান ইডি দফতরে। প্রবেশের সময় এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। অভিষেকের হাজিরা নিয়ে সিজিও কমপ্লেক্সে সোমবার বাড়তি কোনও নিরাপত্তা নেই। কোনও পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি সেখানে। অতিরিক্ত কোনও ব্যবস্থাই করা হয়নি। আগে অভিষেক সিজিও কমপ্লেক্সে এলে বাড়তি সতর্কতা থাকত গোটা চত্বরে। দফতরের ভিতরে সাংবাদিকদের প্রবেশ করতেও দেওয়া হত না। যাতায়াত নিয়ন্ত্রণ করা হত। সোমবার তেমন কোনও তৎপরতা চোখে পড়েনি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত দীর্ঘ দিন ধরেই করছে ইডি। এর আগে সিবিআই-এর তদন্তে যে অডিয়ো উঠে এসেছিল, তাতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। চাকরি বিক্রি করে সেই টাকা অভিষেককে পাঠানোর কথা শোনা গিয়েছে সেই অডিয়োয়। চার্জশিটেও তা উল্লেখ করে সিবিআই। এই অডিয়োর প্রেক্ষিতে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনাও পরীক্ষা করা হয়েছিল। এ ছাড়া, অভিষেকের সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ড্‌স-এর আর্থিক লেনদেন ইডি-র নজরে ছিল।
সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদও করা হতে পারে ডায়মন্ড হারবারের সাংসদকে। তা নিয়ে এর আগেও ইডি জিজ্ঞাসাবাদ করেছে অভিষেককে।