
তাঁর দফতর বা পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের নাম করে কেউ তোলাবাজি করলে বরদাস্ত করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূলের প্রায় সাড়ে চার হাজার নেতাকে নিয়ে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত ভার্চুয়াল সভা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
সেখানেই ভোটার তালিকা সংশোধন তথা ভুয়ো ভোটারমুক্ত ভোটার তালিকা তৈরির নির্দেশ দেওয়ার পাশাপাশি দলীয় নেতাদের শৃঙ্খলার কথাও বলেছেন তিনি।তৃণমূল সূত্রের খবর, ওই ভার্চুয়াল সভায় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা জানতে পেরেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতর এবং আইপ্যাকের নাম করে অনেকে তোলাবাজি করছেন। বেশ ক্ষেত্রে অভিযোগ পেয়ে দলের তরফে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় জানিয়েছেন, আগামী দিনে যদি কারও বিরুদ্ধে অবৈধ ভাবে টাকা তোলার অভিযোগ জমা পড়ে এবং তা প্রমাণিত হয়, তা হলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল।অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সভায় একটি হোয়াট্সঅ্যাপ নম্বর ঘোষণা করেছেন।
ওই নম্বরটি জানিয়ে তিনি বলেছেন, কারও বিরুদ্ধে তোলাবাজি সংক্রান্ত অভিযোগ থাকলে যেন ওই নম্বরে সরাসরি হোয়াট্সঅ্যাপ করে জানানো হয়। অভিযোগ জমা পড়লে প্রথমে তা খতিয়ে দেখা হবে দলের তরফে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন তৃণমূল শীর্ষনেতৃত্ব।






