
গণতন্ত্রের ওপর আক্রমণ মেনে নেওয়া হবে না। এই প্রক্রিয়াকে গুঁড়িয়ে দেওয়া হবে। এক দেশ এক নির্বাচন বিল পেশের আগে চাঁচাছোলা ভাষায় কেন্দ্রকে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার এক্স হ্যান্ডল পোস্ট করে তৃণমূল সাংসদ বিজেপি-র গণতন্ত্রে আঘাত হানার প্রচেষ্টার কথা তুলে ধরেছেন। এই বিষয়ে পশ্চিমবঙ্গ কোনওমতেই চুপ করে বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি বলেছেন, সংসদে সংবিধান নিয়ে আলোচনা চলছে, তার মাঝে সংবিধান সংশোধনী বিল পেশ বিজেপি- র নির্লজ্জ প্রচেষ্টা চলছে। গণতন্ত্রের উপর আক্রমণ চালানো হচ্ছে। ভোটাধিকারের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এক দেশ এক নির্বাচন বিল এনে।
তাঁর কথায়, এটি কেবলমাত্র একটি বিল নয়, গণতন্ত্রের মূল পরিকাঠামোয় আঘাত। যাঁদের আত্মবলিদানের মাধ্যমে দেশ সংবিধান পেয়েছিল, তাঁদের আঘাত করা হচ্ছে।
