পহেলগাঁও-র সন্ত্রাসবাদীরা কোথায়? প্রশ্ন অভিষেকের

0
156
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত জঙ্গিরা ধরা পড়েনি কেন? এই প্রশ্ন তুলে সিঁদুর-বিতর্কে যোগ দিতে দিল্লি গিয়েছেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার দিল্লির বিমান ধরার আগে কলকাতা বিমানবন্দরে অভিষেক বলেছেন, দলের তরফে এই বিতর্কে অংশ নিয়ে বক্তৃতা করবেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তিনি বাংলাতেই বক্তব্য পেশ করবেন বলে জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। সোমবার বিমানবন্দরে ভাষা নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপিশাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেছেন, যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে, তারা ২০২১ আর ২০২৪ সালে শিক্ষা পেয়েছিল। ২০২৬ সালে শিক্ষা কঠিন হবে। বিহারের ভোটার তালিকায় সমীক্ষা নিয়ে নির্বাচন কমিশনকে বিজেপির তল্পিবাহক বলে কটাক্ষ করে অভিষেক বলেছেন, পশ্চিমবঙ্গে হেরেছে বলে বাঙালিদের ভোটাধিকার কাড়ছে।

অনুপ্রবেশ-বিতর্কে তাঁর বক্তব্য, এর দায় বিএসএফের। অনুপ্রবেশ রুখতে ব্যর্থ হওয়ার জন্য কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিএসএফের ডিজি পদত্যাগ করবেন না, সেই প্রশ্নও তুলে অভিষেকের প্রশ্ন, পহেলগাঁও কাণ্ডের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদীদের এখনও ধরা গেল না কেন?