
তৃণমূলের নতুন জাতীয় কর্মসমিতিতে বাদ পড়লেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও। সোমবার নিউটাউনে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে নতুন প্রধান নির্বাচিত হয়েছেন হাওড়ার অরূপ রায়।
যিনি ‘৯৮ সালে প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন ছিল। সেই অধিবেশন শেষে তৃণমূলের বিদ্রোহী বিধায়কেরা নিউ টাউনের একটি হোটেলে বৈঠকে বসেন। সেই বৈঠকে ছিলেন তৃণমূলের ৬০ জন বিধায়ক। এ ছাড়াও, কলকাতা, বহরমপুর, আসানসোল সহ বিভিন্ন জেলার পুরসভার প্রায় ৭০ জন প্রাক্তন কাউন্সিলর উপস্থিত ছিলেন ওই বৈঠকে। সেই বৈঠকেই তৃণমূলের ৩০ জনের কমিটি তৈরির কথা জানানো হয়। প্রস্তাব এনে ভেঙে দেওয়া হয়েছে আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুরোনো জাতীয় কর্মসমিতি। যুক্তি, প্রতি তিন বছর অন্তর কর্মসমিতির বৈঠক করার সাংবিধানিক রীতি থাকলেও ২০২২ -র পরে আর কোনও বৈঠক হয়নি। সুতরাং পুরোনো কমিটির অস্তিত্বও থাকা উচিত নয়। নতুন জাতীয় কর্মসমিতি গঠন করেছে ঋতব্রতদের তৃণমূল। এ ছাড়াও বেছে নেওয়া হয়েছে সহ-সভাপতি, কোষাধ্যাক্ষও। তৃণমূলের আরও দুই বিধায়ক ফিরহাদ হাকিম এবং রথীন ঘোষ-কে সহ-সভাপতি করা হয়েছে।
সাধারণ সম্পাদক ঋতব্রত ছাড়াও বেছে নেওয়া হয়েছে জাভেদ খান, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিনকে। কোষাধ্যক্ষ করা হয়েছে আখরুজ্জামানকে।
