
ভুতুড়ে ভোটার ইস্যুতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের দিন ফের বদল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার ১৬ মার্চ নয়, আগামী ১৫ মার্চই হবে বৈঠক।
আগামী শনিবার বিকেল ৪টেয় ভার্চুয়ালি ওই বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে যোগ দেবেন তৃণমূলের জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ এবং শাখা সংগঠনের প্রতিনিধিরা। তৃণমূল সূত্রে খবর, বৈঠকের নতুন সূচির বিষয়ে রবিবার দলের সর্বস্তরের নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে।ভোটার তালিকা সংক্রান্ত গরমিলের অভিযোগ খতিয়ে দেখতে নেতাজি ইন্ডোরের সমাবেশ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের পথে নামার নির্দেশ দেন। এর পরেই গত বৃহস্পতিবার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন দলের রাজ্য নেতৃত্ব। কিন্তু ওই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না। গত বৃহস্পতিবারের ওই বৈঠক শেষে জানা যায়, জেলাস্তরের নেতাদের নিয়ে পরে বৈঠকে বসবেন তৃণমূলের সাধারণ সম্পাদক। প্রথমে জানা যায়, আগামী ১৫ মার্চ বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরে দলীয় সূত্রে জানা যায়, বৈঠকটি ১৬ মার্চ হবে।
অভিষেকের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ১৫ মার্চ দোলের কারণেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু রবিবার ফের দলের সর্বস্তরে জানিয়ে দেওয়া হয়েছে, ১৫ মার্চই হবে বৈঠক।




