
এসআইআর নিয়ে কার্যত দলীয় নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের প্রায় ১ লাখ পদাধিকারীকে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিয়েছেন দিনে এসআইআর-র কাজের পর, রাতে সিনেমা দেখাতে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে প্রকল্পগুলো নিয়ে লক্ষ্মী এলো ঘরে-তে নামে ছবি তৈরি হয়েছে। রাজ চক্রবর্তী পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, সোহিনী সেনগুপ্তরা। ছবির নির্মাণ রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতর করলেও ছবির চিত্রনাট্য থেকে মুখ্য পরিকল্পনা সবটাই করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দিনেরবেলা এসআইআর কাজ মিটিয়ে সন্ধেয় পাড়ায় পাড়ায় পর্দা টাঙিয়ে লক্ষ্মী এলো ঘরে ছবিটি প্রদর্শন করতে। যে পাড়ায় ছবিটি দেখানো হবে, তার আগে সেখানে মাইকে প্রচার করতে বলেছেন। পাশাপাশি বুথভিত্তিক ভোটরক্ষা কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
নিজের দলের সাংসদদেরকেও কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। দলের ওয়ার রুমগুলো কাজ করছে না বলেও অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের কাজ না করলে দল পাশে থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
