
ইন্ডিয়া জোটের বৈঠকের পর কংগ্রেসকে নিয়ে সন্তুষ্ট নয় কয়েকটি শরিক দল।বৃহস্পতিবার সমাজবাদী পার্টির সুপ্রিমোর অখিলেশ যাদবের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর এই জল্পনা আরও বেড়ে গিয়েছে রাজধানীর রাজনীতিতে।
এদিক সকাল ১০ টা নাগাদ অখিলেশ যাদবের বাড়িতে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। অভিষেক বন্দ্যোপাধ্যায়দের স্বাগত জানাতে বাড়ির প্রবেশদ্বার পর্যন্ত এগিয়ে আসেন অখিলেশ যাদব। কাঁধে হাত রেখে নিয়ে যান বাড়ির ভিতরে। এরপরে প্রায় ৪০ মিনিট ধরে চলে ইন্ডিয়া জোটের দুই অন্যতম প্রধান শরিকের শীর্ষ নেতার বৈঠক।তারপর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফেরার পর তাঁর বাসভবনে হাজির হন আপ সাংসদ রাঘব চাড্ডা এবং শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।অন্যদিকে, এনডিএ ছেড়ে আবার কাকা শরদ পাওয়ারের শিবিরে ভাইপো অজিত পাওয়ার ফিরতে চলেছে বলে গুঞ্জন শুরু হয়েছে।কারণ বুধবার দিল্লিতে এনডিএর বৈঠকে মহারাষ্ট্র সরকারের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পাওয়ার উপস্থিত ছিলেন না।এরমধ্যে দিল্লি বিমানবন্দরে চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে দেখা করেছেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে দু’জনের। কিন্তু কী আলোচনা হয়েছে, সেটা স্পষ্ট নয়।
