
এবার এনআরসি-র বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের বার্তা দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের জেলা নেতাদের উদ্দেশে তাঁর নির্দেশ, এনআরসি-র বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়ে জোরদার প্রচারে নামতে হবে।
শনিবার কলকাতার ক্যামাক স্ট্রিটে উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। সেখানে শুধু এনআরসি নয়, আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সংগঠন ঢেলে সাজানোরও ইঙ্গিত দেন তিনি। জেলা নেতৃত্বকে সরাসরি বার্তা, পুরনো, ডেডিকেটেড, পরীক্ষিত কর্মীদের সামনে নিয়ে আসতে হবে। যাঁরা তৃণমূলের জন্য দিনের পর দিন কাজ করেছেন। রায়গঞ্জ শহরাঞ্চলের সব বুথে দলের হার নিয়েও ক্ষোভ প্রকাশ করে অভিষেক প্রশ্ন তোলেন, এতগুলো বুথে একটাও জেতা গেল না? এটা কীভাবে হয়? নির্দেশ দিয়েছেন, রায়গঞ্জ ও করণদিঘি বিধানসভার প্রতিটি বুথে বাড়তি নজরদারি রাখতে হবে। মুর্শিদাবাদ জেলা নিয়েও বার্তা দিয়েছেন অভিষেক।
গোষ্ঠী কোন্দল দূর করে একসঙ্গে কাজ করার নির্দেশ তাঁর। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর সম্প্রতি ভিন্ন দল গঠনের কথা বলেছিলেন, সেই ইস্যুতেও কড়া মনোভাব দেখান অভিষেক। নেতাদের সতর্ক করে বলেন, আলপটকা মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলবেন না।






